দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে মোটরসাইকেল দ্রুত চালানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে কলেজছাত্র শাকিল হোসেন (২৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মামলার মূল আসামি মো. রাকিবকে (২৫) কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।
পুলিশ জানায়, গত ২৮ মে ঈদের দিন সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ছোনগাছা বাজার সংলগ্ন চামেলী মোড় এলাকায় জহুরুল ইসলামের টং দোকানের সামনে শাকিলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তদন্তে জানা যায়, কয়েকদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে রাকিবের সঙ্গে নিহত শাকিল ও তার বন্ধুদের বাকবিতণ্ডা হয়। এছাড়া ঘটনার তিন-চার দিন আগে একটি সেলুনে চুল কাটা নিয়ে অপর দুই আসামি শাকিল (২৪) ও সাব্বিরের (২৬) সঙ্গে ঝগড়ার সময়ও রাকিব সেখানে উপস্থিত ছিলেন এবং উভয় পক্ষের মধ্যে আবারও বাগ্বিতণ্ডা হয়।
পুলিশের ভাষ্য, এসব ঘটনার জের ধরেই ঈদের দিন হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনার পরদিন ২৯ মে নিহতের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে মূল আসামি রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, মোটরসাইকেল দ্রুত চালানো নিয়ে পূর্ব বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জে আই